চাকরি দুর্নীতিতে কোণঠাসা মানস, রক্ষাকবচ চেয়ে ছুটলেন হাইকোর্টে!
চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ, হাইকোর্টে রক্ষাকবচ চাইলেন মানস ভুঁইঞা
কলকাতা: রাজ্যের প্রাক্তন সেচমন্ত্রী তথা হেভিওয়েট নেতা মানস ভুঁইঞার বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে আর্থিক প্রতারণার অভিযোগ উঠেছে। সেচ দফতরের বাংলোতে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে পাঁচ লক্ষ টাকা নেওয়ার অভিযোগে সবং থানায় তাঁর বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার (BNS) ৩১৮(৪) ও ৬১(২) ধারায় দায়ের করা এই মামলার ভিত্তিতে পুলিশি তদন্ত শুরু হওয়ায় গ্রেফতারির আশঙ্কায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি।
অভিযোগকারী জানিয়েছেন, সেচ দফতরের বাংলোতে চাকরির বিনিময়ে পাঁচ লক্ষ টাকার চুক্তি হয়েছিল। চুক্তি অনুযায়ী ওই মহিলার স্ত্রী মার্চ মাসের বেতন হিসেবে ১১ হাজার টাকা পেলেও, ৬ মে কাজে যোগ দিতে গেলে তাঁকে আর রেজিস্টারে সই করতে দেওয়া হয়নি। চাকরি থেকে আচমকা বাদ পড়ায় ওই মহিলা মানসিক হয়রানির শিকার হচ্ছেন বলেও অভিযোগ তোলা হয়েছে। এই ঘটনায় সবং থানায় লিখিত অভিযোগ দায়ের হওয়ার পর আইনি রক্ষাকবচ চেয়ে উচ্চ আদালতের শরণাপন্ন হয়েছেন প্রাক্তন মন্ত্রী।