৮ বছর পর বিচার! কাকদ্বীপে সিপিএম দম্পতি খুনে গ্রেফতার ১০, শুভেন্দুর হস্তক্ষেপে নড়ল প্রশাসন
কাকদ্বীপের বুধাখালি গ্রামে ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনের আগে সিপিএম সমর্থক দম্পতি দেবু দাস ও তাঁর স্ত্রী ঊষা দাসকে পুড়িয়ে মারার আট বছর পর অবশেষে ঘটনার জট খুলল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হস্তক্ষেপে তৎপর হয়ে কাকদ্বীপ থানার পুলিশ মামলার এফআইআর-ভুক্ত ১০ জন অভিযুক্তকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য অমিত মণ্ডলও রয়েছেন।
২০১৮ সালের ওই ঘটনার পর দম্পতির ছেলে দীপঙ্কর দাস খুনিদের শাস্তির দাবিতে দীর্ঘ লড়াই চালিয়ে আসছিলেন। ২০২৩ সালে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলে আদালতের নির্দেশে তদন্ত শুরু হয়, কিন্তু দীর্ঘসময় মূল অভিযুক্তরা অধরাই ছিল। গতকাল দীপঙ্কর দাস এবং সিপিএম বিধায়ক মোস্তাফিজুর রহমান মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন। এরপর মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্য পুলিশের মহাপরিচালকের দপ্তরের হস্তক্ষেপে পুলিশ দ্রুত ব্যবস্থা গ্রহণ করে। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।