গ্রিসেও এবার ইউপিআইয়ের জয়জয়কার, এক ক্লিকেই সেরে ফেলুন সব খরচ!
ইউরোপের দেশ গ্রিসে আনুষ্ঠানিকভাবে ভারতের ডিজিটাল লেনদেনের মাধ্যম ‘ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস’ বা ইউপিআই (UPI) পরিষেবা চালু হয়েছে। গ্রিসের রাজধানী এথেন্সে ভারতের কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল এই পরিষেবার সূচনা করেন। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) এবং গ্রিসের ‘ইউরোলিংক’-এর যৌথ অংশীদারিত্বে এই প্রযুক্তি কার্যকর করা হয়েছে। এর ফলে এখন থেকে গ্রিসে ভ্রমণরত ভারতীয় পর্যটকরা কিউআর কোড স্ক্যান করে মুহূর্তের মধ্যে কেনাকাটা ও আর্থিক লেনদেন সম্পন্ন করতে পারবেন।
গ্রিসসহ বিশ্বের মোট ১০টি দেশে এখন ভারতীয় প্রযুক্তিতে ডিজিটাল লেনদেনের সুবিধা পাওয়া যাচ্ছে। অন্য দেশগুলো হলো— সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরশাহি, ফ্রান্স, মরিশাস, নেপাল, ভুটান, কাতার, শ্রীলঙ্কা এবং কম্বোডিয়া। পর্যটকদের বিদেশের মাটিতে মুদ্রা বিনিময়ের ঝামেলা কমানো এবং আন্তর্জাতিক স্তরে কম খরচে আর্থিক লেনদেনের সুবিধা দেওয়াই এই প্রকল্পের মূল লক্ষ্য। এর আগে ফ্রান্সের আইফেল টাওয়ারে ইউপিআই পরিষেবা চালু হয়েছিল, যা ভারতের ডিজিটাল অগ্রগতির অন্যতম মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।