অপারেশন সিন্দুর নিয়ে সংসদে মিথ্যাচার! রাজনাথের বিরুদ্ধে বড় পদক্ষেপ কংগ্রেসের
পহেলগাম জঙ্গি হামলার পাল্টা জবাব হিসেবে চালানো ‘অপারেশন সিন্দুর’ অভিযানে জওয়ানদের মৃত্যুর তথ্য গোপন ও লোকসভায় ভুল বিবৃতি দেওয়ার অভিযোগে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের (Privilege Motion) নোটিস দিয়েছেন কংগ্রেস নেতা কে সি বেণুগোপাল। গত বছর ২৮ জুলাই লোকসভায় প্রতিরক্ষামন্ত্রী দাবি করেছিলেন যে, ওই অভিযানে ভারতীয় বাহিনীর কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে সম্প্রতি ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে খোদাই করা তালিকায় দেখা গেছে, এই অভিযানে সেনাবাহিনীর পাঁচজন এবং বায়ুসেনার একজনসহ মোট ছয়জন জওয়ান শহিদ হয়েছেন। স্পিকার ওম বিড়লাকে পাঠানো চিঠিতে বেণুগোপাল অভিযোগ করেছেন, মন্ত্রীর এই বিবৃতি সংসদের অবমাননা এবং শহিদ পরিবার ও সশস্ত্র বাহিনীর প্রতি চরম অপমান।
এই বিতর্কের প্রেক্ষিতে প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, জওয়ানদের মৃত্যুর খবর অস্বীকার করার অভিযোগ ভিত্তিহীন। মন্ত্রকের দাবি, সোশ্যাল মিডিয়ায় প্রতিরক্ষামন্ত্রীর আগের বক্তব্যের একটি নির্দিষ্ট অংশ বিকৃত করে প্রচার করা হচ্ছে এবং সরকার শুরু থেকেই বীর শহিদদের সর্বোচ্চ সম্মান জানিয়ে আসছে। উল্লেখ্য, ২০২৫ সালের ২২ এপ্রিল পহেলগামে জঙ্গি হামলায় ২৬ জন সাধারণ নাগরিকের মৃত্যুর পর ভারতীয় বাহিনী সীমান্ত পেরিয়ে এই অভিযান চালিয়েছিল। অপারেশন সিন্দুরের এক বছর পর শহিদদের সংখ্যা নিয়ে এই রাজনৈতিক সংঘাত তৈরি হয়েছে।