কাশ্মীরের কুলগামে সিআরপিএফের নাকা চেকিং পয়েন্টে জঙ্গি হামলা, আহত একাধিক জওয়ান

কাশ্মীরের কুলগামে সিআরপিএফের নাকা চেকিং পয়েন্টে জঙ্গি হামলা, আহত একাধিক জওয়ান

জম্মু ও কাশ্মীরের কুলগামে সিআরপিএফের একটি নাকা চেকিং চৌকিতে অতর্কিতে হামলা চালাল জঙ্গিরা। বুধবার দুপুর সওয়া ২টো নাগাদ মীরবাজারের নিকটবর্তী আখরান এলাকায় এই ঘটনাটি ঘটে। সিআরপিএফের পক্ষ থেকে জানানো হয়েছে, বাইকে চেপে আসা জঙ্গিরা আচমকাই জওয়ানদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছুড়তে শুরু করে। এই হামলায় অন্তত তিনজন সিআরপিএফ জওয়ান আহত হয়েছেন।

আহত জওয়ানদের দ্রুত উদ্ধার করে অনন্তনাগের একটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। জওয়ানদের পাল্টা গুলিবর্ষণের মুখে পড়ে জঙ্গিরা দ্রুত বাইক নিয়ে এলাকা ছেড়ে পালিয়ে যায়। ঘটনার পরপরই গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান শুরু করেছেন পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা। হামলাকারীদের শনাক্ত করতে এবং তাদের ধরতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

উল্লেখ্য, জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা বর্তমানে বৈশাও উৎসবে যোগ দিতে কুলগাম সফরে রয়েছেন। এই সফরের কারণে এলাকা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হয়েছিল এবং গুরুত্বপূর্ণ স্থানগুলিতে নাকা তল্লাশি চালানো হচ্ছিল। সেই নিরাপত্তা বলয়ের মধ্যেই এই হামলার ঘটনা ঘটল। এর আগে জুলাই মাসেও অনন্তনাগ ও কুলগামে একাধিক জঙ্গি হামলার ঘটনা ঘটেছিল, যেখানে পুলিশকর্মী ও পরিযায়ী শ্রমিকরা প্রাণ হারিয়েছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *