কাতারের গ্যাস কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, তালিকায় একাধিক ভারতীয়!
কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটির বারজান গ্যাস সরবরাহ কেন্দ্রে এক ভয়াবহ বিস্ফোরণে ১৩ জনের মৃত্যু হয়েছে এবং অন্তত ৬৬ জন আহত হয়েছেন। হতাহতদের তালিকায় একাধিক ভারতীয় নাগরিক রয়েছেন বলে জানা গেছে। ঘটনার পরই দোহায় অবস্থিত ভারতীয় দূতাবাস গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বিস্ফোরণের পর থেকে এখনো বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন, যাদের সন্ধানে উদ্ধারকাজ চলছে।
কাতার প্রশাসনের প্রাথমিক ধারণা অনুযায়ী, এটি একটি ‘প্রযুক্তিগত দুর্ঘটনা’। বিশেষজ্ঞদের মতে, দীর্ঘ সময় বন্ধ থাকার পর এলএনজি উৎপাদন কেন্দ্র পুনরায় চালু করার প্রক্রিয়ায় জটিলতা ছিল। একসঙ্গে সমস্ত ইউনিট চালু করার ফলেই এই বিপর্যয় ঘটে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। বিস্ফোরণের তীব্রতা এতই বেশি ছিল যে, প্রায় ৭০ কিলোমিটার দূরে রাজধানী দোহাতেও কম্পন অনুভূত হয়।
রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি কাতারের জ্বালানি শিল্পের কেন্দ্রবিন্দু, যার বার্ষিক এলএনজি উৎপাদন ক্ষমতা প্রায় ৭ কোটি ৭০ লক্ষ মেট্রিক টন। চলতি বছরের মার্চে ক্ষেপণাস্ত্র হামলায় এই প্রকল্পের দুটি ইউনিট ক্ষতিগ্রস্ত হওয়ার পর থেকেই কাতারের রফতানি সক্ষমতা সংকটের মুখে। এই নতুন দুর্ঘটনার ফলে বিশ্বজুড়ে এলএনজি সরবরাহে ঘাটতি আরও বাড়ার প্রবল আশঙ্কা দেখা দিয়েছে।