ওমান উপসাগরে মার্কিন হামলায় প্রাণ গেল তিন ভারতীয় নাবিকের!

ওমান উপসাগরে মার্কিন বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় ‘এমটি সেট্টেবেল্লো’ নামক বাণিজ্যতরীর তিন ভারতীয় নাবিকের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন কেন্দ্রীয় জাহাজ মন্ত্রী সর্বানন্দ সোনওয়াল। বুধবার ঘটা এই হামলায় নিখোঁজ নাবিকদের মধ্যে এখন পর্যন্ত দু’জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং তৃতীয়জনের সন্ধানে জোর তল্লাশি চলছে। নিহতরা হলেন ডেক ক্যাডেট আদিত্য শর্মা, ইঞ্জিন ফিটার শিবানন্দ চৌরাসিয়া এবং প্রধান ইঞ্জিনিয়র পাটনালা সুরেশ। জাহাজটিতে থাকা ২৮ জন নাবিকের মধ্যে ২৪ জনই ছিলেন ভারতীয়, যার মধ্যে ২১ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

মার্কিন বাহিনীর দাবি, সতর্কতা উপেক্ষা করে জাহাজটি ইরানের বন্দরের দিকে এগিয়ে যাওয়ায় এই হামলার ঘটনা ঘটে। মাত্র দুদিনের ব্যবধানে ভারতীয় নাবিকবাহী জাহাজে এটি মার্কিন বাহিনীর দ্বিতীয় হামলার ঘটনা। এর আগে সোমবার ‘এমটি মারিভেক্স’ জাহাজেও হামলা চালানো হয়। ধারাবাহিক এই ঘটনার কড়া প্রতিবাদ জানিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অফ মিশন জেসন মিকসকে তলব করেছে এবং এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ব্যাখ্যামূলক জবাব চেয়েছে। সরকার নিহতদের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে মরদেহ দেশে ফিরিয়ে আনার সব ধরনের উদ্যোগ গ্রহণ করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *