এনভিডিয়া চিপ পাচার কাণ্ডে নাম জড়াল সিইও-র ঘনিষ্ঠ অ্যালিস হুয়াংয়ের

এনভিডিয়া চিপ পাচার কাণ্ডে নাম জড়াল সিইও-র ঘনিষ্ঠ অ্যালিস হুয়াংয়ের

এনভিডিয়া প্রধান জেনসেন হুয়াংয়ের সঙ্গে মেগাস্পিড-এর সিইও অ্যালিস হুয়াংয়ের ব্যক্তিগত সম্পর্কের সূত্র ধরে চিনে বিপুল পরিমাণ উন্নত চিপ পাচারের অভিযোগ উঠেছে। বিদেশি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অ্যালিস হুয়াং তাঁর বোন ও স্বামীর সহায়তায় চিন ও সিঙ্গাপুর জুড়ে একটি জটিল কর্পোরেট নেটওয়ার্ক তৈরি করেছিলেন। এই নেটওয়ার্কের মূল লক্ষ্য ছিল এনভিডিয়া থেকে কৃত্রিম মেধা বা এআই প্রযুক্তির চিপ সংগ্রহ করা। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলির সন্দেহ, অ্যালিস চিনের হয়ে গুপ্তচরবৃত্তি করছেন এবং এনভিডিয়ার গোপন নথি পাচার করেছেন।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সাল থেকে চিনা সংস্থাগুলির মাধ্যমে প্রায় ৭৫০ কোটি ডলার মূল্যের এনভিডিয়া চিপ বেজিংয়ের হাতে পৌঁছেছে। এর মধ্যে প্রায় ২ লাখ ৪০ হাজার নিষিদ্ধ এইচ১০০ এবং এইচ২০০ সিস্টেমের চিপ রয়েছে, যা চিন সরকারের ওপর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও পাচার করা হয়েছে। তদন্তে উঠে এসেছে, ‘সাংহাই সেঞ্চুরি লিটং’ নামের একটি সংস্থা এনভিডিয়ার পছন্দের ক্লাউড পার্টনার হিসেবে তালিকাভুক্ত হওয়ার সুযোগ কাজে লাগিয়ে এই চিপ সংগ্রহের কাজ করেছে।

অ্যালিস হুয়াং এনভিডিয়া প্রধানের সঙ্গে নিজের ঘনিষ্ঠতার কথা বিভিন্ন মহলে প্রচার করতেন এবং নিজের বিশ্বাসযোগ্যতা প্রমাণে জেনসেন হুয়াংয়ের সঙ্গে তোলা ছবি ব্যবহার করতেন। এনভিডিয়ার বিক্রয় বিভাগের কর্মীদের মতে, চিপ সরবরাহে কোনো সমস্যা হলে অ্যালিসই তা সমাধানের উদ্যোগ নিতেন। এছাড়া মেগাস্পিডের ইন্দোনেশীয় সহযোগী প্রতিষ্ঠানের মাধ্যমেও এনভিডিয়ার হার্ডওয়্যার আমদানি করা হয়েছে। যদিও এই চালানগুলি সরাসরি আমেরিকার রফতানি নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন করেছে কি না, তা নিয়ে এখনও নিশ্চিত তথ্য মেলেনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *