এনকাউন্টারে নিহত অপরাধীর দেহ নিতে অস্বীকার মায়ের, রায়গঞ্জে সম্পন্ন শেষকৃত্য

এনকাউন্টারে নিহত এক অপরাধীর মৃতদেহ গ্রহণ করতে অস্বীকার করলেন তাঁর মা। রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে রাখা ছিল ওই ব্যক্তির দেহ। গ্রামবাসীদের প্রবল আপত্তির মুখে পড়ে শেষ পর্যন্ত প্রশাসনের হস্তক্ষেপে বুধবার সন্ধ্যায় পুলিশি নিরাপত্তায় দেহটি মর্গ থেকে সরাসরি বন্দর শ্মশানে নিয়ে যাওয়া হয়।
জানা গিয়েছে, দিলীপ নামে ওই অপরাধীর মৃতদেহ গ্রামে ফেরাতে রাজি ছিলেন না গ্রামবাসীরা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, পরিবারের সদস্যরাও দেহ নিতে অস্বীকার করেন। শেষকৃত্যের সময় শ্মশান চত্বরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। পরিবারের মাত্র দু-একজন সদস্যের উপস্থিতিতেই সম্পন্ন হয় শেষকৃত্য।
ছেলের এমন করুণ পরিণতির পরেও মায়ের কণ্ঠে কোনো আক্ষেপ শোনা যায়নি। তিনি স্পষ্ট জানান, ছেলে যে জঘন্য অপরাধ করেছে, তার উপযুক্ত শাস্তিই সে পেয়েছে। পুলিশের পদক্ষেপে পরোক্ষভাবে সমর্থন জানিয়ে তিনি যেন এক প্রকার স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। অপরাধের দুনিয়া থেকে চিরতরে বিদায় নেওয়া দিলীপের এই পরিণতি এখন গোটা রায়গঞ্জজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।