উত্তাল নদী আর টানা বৃষ্টি, জীবনের ঝুঁকি নিয়েই স্কুলে খুদেরা!

জলপাইগুড়ি: কাঁধে করে খুদে পড়ুয়াদের নদী পার করাচ্ছেন শিক্ষকরা

টানা বৃষ্টিতে তিস্তাসহ উত্তরবঙ্গের একাধিক নদীর জলস্তর বৃদ্ধির ফলে জলপাইগুড়ির নাগরাকাটায় তৈরি হয়েছে ভয়াবহ পরিস্থিতি। ডুয়ার্সের চেংমারি চা বাগান এলাকার মানা লাইন গ্রামে কালিখোলা নদী পার হওয়ার কোনো নিরাপদ পথ না থাকায়, খুদে স্কুলপড়ুয়াদের সুরক্ষার কথা ভেবে শিক্ষকরাই তাদের কাঁধে বা কোলে তুলে নদী পার করে লোয়ার চেংমারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়ে যাচ্ছেন। গত দু’দিন ধরে আবহাওয়া দুর্যোগপূর্ণ থাকায় এই চিত্রই ধরা পড়ছে ওই এলাকায়।

গত বছরের অক্টোবরে বন্যায় গ্রামবাসীর যাতায়াতের একমাত্র সেতুটি ভেঙে যাওয়ায় এই চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে। আজ পর্যন্ত সেই সেতুটি পুনর্নির্মাণ না হওয়ায় স্কুলপড়ুয়া থেকে শুরু করে সাধারণ মানুষ নদী পারাপারে নিরুপায় হয়ে পড়েছেন। স্থানীয়দের দাবি, বর্ষার দাপট বাড়ার আগেই দ্রুত নতুন সেতু নির্মাণ করা হোক, নাহলে জনজীবন সম্পূর্ণ স্তব্ধ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *