‘আমরাই আসল তৃণমূল’, কমিশনকে নথি দিয়ে অভিষেককে তোপ ঋতব্রতর!
দিল্লি: তৃণমূলের দখল নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও তাঁর অনুগামীরা
তৃণমূল কংগ্রেসের নিয়ন্ত্রণ নিয়ে দলের অন্দরে তীব্র সংঘাতের আবহে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠক করলেন ‘বিদ্রোহী’ নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও তাঁর অনুগামীরা। কমিশন থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঋতব্রত দাবি করেন, দলের দুই-তৃতীয়াংশ বিধায়ক ও জনপ্রতিনিধি তাঁদের সঙ্গে রয়েছেন, তাই তাঁদের শিবিরই ‘আসল তৃণমূল’। গত ২২ জুন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে গঠিত নতুন কর্মসমিত্রির নথিপত্র এদিন কমিশনের কাছে জমা দেওয়া হয়েছে। পাশাপাশি, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ‘চার্টার্ড ব্যুরোক্র্যাট’ বলে কটাক্ষ করে ঋতব্রত অভিযোগ করেন, দল এখন একটি পরিবারতন্ত্রের অধীনে চলে গেছে, যা তাঁরা পরিবর্তন করতে চান।
ঋতব্রতর এই দাবিকে ভিত্তিহীন বলে খারিজ করেছেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং সমস্ত কর্মী-সমর্থক তাঁর সঙ্গেই রয়েছেন। কুণাল ঘোষের মতে, কিছুদিন আগেই হলফনামা দিয়ে মমতা ও অভিষেকের অনুমোদন নেওয়া ব্যক্তিরা এখন মালিকানা দাবি করছেন, যা বাস্তবসম্মত নয়। এদিকে, এই নতুন কর্মসমিতি গঠনের পর থেকে তৃণমূলের অভ্যন্তরীণ সংকট চরম পর্যায়ে পৌঁছেছে। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের পরবর্তী সিদ্ধান্তের দিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল।