আবাসের টাকা খেল তৃণমূলের ভূত, গরিবের হক মারলেন কারা!
আবাস যোজনার টাকা আত্মসাতের অভিযোগ ক্যানিংয়ে, তদন্তে পুলিশ
দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং পশ্চিমের উত্তর অঙ্গদবেড়িয়া গ্রামে আবাস যোজনার সরকারি টাকা অন্য অ্যাকাউন্টে সরিয়ে নেওয়ার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় দিনমজুর জাহাঙ্গির লস্করের নামে আবাস যোজনার টাকা মঞ্জুর হলেও তা তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছায়নি। গত ১১ জুন স্থানীয় বিএলও এবং ব্লক আধিকারিকরা তাঁর বাড়ি পরিদর্শনে গিয়ে ঘর তৈরির কাজ কেন শুরু হয়নি তা জানতে চাইলে বিষয়টি প্রকাশ্যে আসে। পরে ব্যাঙ্কে খোঁজ নিয়ে উপভোক্তা নিশ্চিত হন যে, তাঁর ব্যক্তিগত নথি জাল করে সরকারি টাকা অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।
এই ঘটনায় স্থানীয় তৃণমূল নেতৃত্বের দিকে অভিযোগের আঙুল তুলেছেন ভুক্তভোগী জাহাঙ্গির লস্কর। বিষয়টি নিয়ে শাসকদলকে নিশানা করেছে বিজেপি। ইতিমধ্যে নিজের পাওনা টাকা উদ্ধার ও এই দুর্নীতির বিচারের দাবিতে ক্যানিং থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী। পুলিশের পাশাপাশি ব্লক প্রশাসনের পক্ষ থেকেও পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে। এই বিষয়ে তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।