আধার নাগরিকত্বের প্রমাণ নয়! অপব্যবহার রুখতে কেন্দ্রকে কড়া নোটিস সুপ্রিম কোর্টের
আধার কার্ড কেবল একটি পরিচয়পত্র, নাগরিকত্বের প্রমাণ নয়—এই বিষয়টি স্পষ্ট করতে এবং এর অপব্যবহার রুখতে কঠোর পদক্ষেপ নিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ আইনজীবী অশ্বিনীকুমার উপাধ্যায়ের দায়ের করা এক জনস্বার্থ মামলার ভিত্তিতে কেন্দ্র, সমস্ত রাজ্য সরকার এবং আধার কর্তৃপক্ষকে (UIDAI) এ বিষয়ে নোটিস পাঠিয়েছে। আদালতের পর্যবেক্ষণ, আধারকে নাগরিকত্ব বা বয়সের প্রমাণপত্র হিসেবে ব্যবহার করা আইনত স্বীকৃত নয়।
মামলাকারীর অভিযোগ, আধারের নিজস্ব বিজ্ঞপ্তিতে এটি কেবল পরিচয়পত্র হিসেবে গণ্য হওয়ার কথা থাকলেও, সরকারি বিভিন্ন স্তরে ভোটার রেজিস্ট্রেশন, স্কুলে ভর্তি এবং নাগরিকত্ব নির্ধারণের ক্ষেত্রে একে প্রামাণ্য নথি হিসেবে ব্যবহার করা হচ্ছে। আদালতে দাবি করা হয়েছে, এই অবাধ ব্যবহারের ফলে পশ্চিমবঙ্গের মতো সীমান্তবর্তী রাজ্যগুলোতে অনুপ্রবেশকারীরা বাড়তি সুবিধা পাচ্ছে, যা দীর্ঘমেয়াদে দেশের প্রশাসনিক কাঠামো ও নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ। এই বিভ্রান্তি ও নিয়ম লঙ্ঘন রুখতে কেন্দ্র ও রাজ্যগুলোর বর্তমান অবস্থান জানতে চেয়েছে শীর্ষ আদালত।