শাড়ির সঙ্গে টি-শার্ট! রেড কার্পেটে এমন সাজে কেন কিরণ রাও?
বলিউড সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে ছেলে আজাদকে নিয়ে উপস্থিত হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়েছেন পরিচালক কিরণ রাও। অনুষ্ঠানের সাজপোশাকের জন্য নেটব্যবহারকারীদের একাংশ তাঁকে কটাক্ষ করেছেন। অনুষ্ঠানে তিনি সাদা-কালো চেক শাড়ি গামছা স্টাইলে জড়িয়েছিলেন এবং ব্লাউজের পরিবর্তে পরেছিলেন ‘খোঁজ পেলে যোগাযোগ করবেন’ লেখা একটি সাধারণ কালো টি-শার্ট। কোনো মেকআপহীন এই সাদামাটা সাজকে অনেকেই অনুষ্ঠানের জন্য ‘বেমানান’ বলে মন্তব্য করেছেন।
পোশাক বিতর্কের পাশাপাশি নেটিজেনদের একাংশ আমির খানের আসন্ন বিয়ের গুঞ্জনের বিষয়টিও টেনে এনেছেন। ২০২১ সালে বিচ্ছেদ হলেও আমিরের সঙ্গে কিরণের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বর্তমানেও অটুট রয়েছে। তবে সমালোচনার বিপরীতে ভক্তদের একটি বড় অংশ কিরণ রাওয়ের আত্মবিশ্বাসী ও স্বতন্ত্র ব্যক্তিত্বের প্রশংসাও করেছেন। তাঁদের মতে, গ্ল্যামারের পেছনে না ছুটে নিজের রুচি ও ব্যক্তিত্বকে প্রাধান্য দিয়েই তিনি ব্যতিক্রমী পরিচয়ের স্বাক্ষর রেখেছেন।