নিখোঁজ ১০ লাখ টাকার মাও কমান্ডার শকুন্তলা, আস্তানা কি তবে বাংলাতেই!

ঝাড়খণ্ডের সারান্ডা জঙ্গলে নিরাপত্তা বাহিনীর তীব্র অভিযানের মুখে পড়ে এলাকা ছেড়ে পালিয়েছেন ১০ লাখ টাকা মাথার দামের কুখ্যাত মাওবাদী কমান্ডার শকুন্তলা মাহাতো। সিপিআই (মাওবাদী) সংগঠনের জোনাল কমিটির এই প্রভাবশালী নেত্রী এবং ‘মাও বঙ্গ ব্রিগেড’-এর সক্রিয় সদস্য স্কোয়াড ছাড়ার পর থেকেই তোলপাড় শুরু হয়েছে বাংলা-ঝাড়খণ্ড পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর অন্দরে। গোয়েন্দাদের ধারণা, অভিযানের মুখে কোণঠাসা হয়ে এই নেত্রী পশ্চিমবঙ্গে এসে আত্মগোপন করেছেন, যার ফলে রাজ্য সীমানা জুড়ে নিরাপত্তা ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।

ঝাড়গ্রামের বেলপাহাড়ির বাসিন্দা শকুন্তলা মাওবাদী মহলে পরি, বর্ষা বা পুষ্পা নামে পরিচিত। মাত্র ১০ বছর বয়সে এমসিসি-র সাংস্কৃতিক শাখায় যোগ দিয়ে পরবর্তীতে তিনি বন্দুক হাতে তুলে নেন। দুই দশক ধরে জঙ্গলমহলের লালগড় আন্দোলন থেকে শুরু করে ঝাড়খণ্ডের বিভিন্ন দুর্ভেদ্য জঙ্গলে শীর্ষ নেতাদের সঙ্গে কাজ করেছেন তিনি। বর্তমানে কেন্দ্রীয় সরকারের মাওবাদী দমনের লক্ষ্যমাত্রার প্রেক্ষিতে সক্রিয় সাত শীর্ষ কমান্ডারের অন্যতম শকুন্তলার বিরুদ্ধে ঝাড়খণ্ড পুলিশ হুলিয়া জারি করেছে এবং তাঁর সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করেছে। এদিকে, দীর্ঘদিন ধরে ব্রেন টিউমারে আক্রান্ত মায়ের শেষ ইচ্ছা পূরণের জন্য পরিবারের পক্ষ থেকে তাঁকে ফিরে আসার অনুরোধ জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *