জন্মদাত্রী মাকে কুপিয়ে মুণ্ডুচ্ছেদ! ছেলের এই নৃশংসতায় শিউরে উঠছে গোটা এলাকা।
পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থানা এলাকার কাঁউরচণ্ডি গ্রামে ৬৫ বছর বয়সি বৃদ্ধা ভারতী চক্রবর্তীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে তাঁর ছেলে বাসুদেব চক্রবর্তীর বিরুদ্ধে। মঙ্গলবার ভোরে ঘটা এই নৃশংস ঘটনায় অভিযোগ, ধারালো কুঠার দিয়ে মায়ের মাথা ধড় থেকে আলাদা করে দেয় বাসুদেব। এরপর কাটা মাথাটি বস্তাবন্দি করে বাড়ির কাছের একটি পুকুরে ফেলে দিয়ে আসে সে। খবর পেয়ে স্থানীয় কোলাঘাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক ছেলেকে গ্রেপ্তার করে এবং পুকুর থেকে নিহতের বিচ্ছিন্ন মাথাটি উদ্ধার করে।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, অভিযুক্ত বাসুদেব চক্রবর্তী মানসিক ভারসাম্যহীন। পরিবারের সদস্য ও প্রতিবেশীরাও বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি পুরো বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখছে। ময়নাতদন্তের জন্য বৃদ্ধার দেহটি পাঠানো হয়েছে। এই ঘটনায় কোলাঘাট এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং মানসিক ভারসাম্যহীনদের চিকিৎসা ও পারিবারিক নজরদারি নিয়ে নতুন করে উদ্বেগের সৃষ্টি হয়েছে।