অসমে ১৮ পেরোলেই আর মিলবে না আধার কার্ড! হিমন্তর কড়া সিদ্ধান্তে শোরগোল
আসামে অবৈধ অনুপ্রবেশ রুখতে ১৮ বছরের বেশি বয়সি নাগরিকদের নতুন আধার কার্ড প্রদানের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্য সরকার। রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন। প্রশাসনের ভাষ্যমতে, অনুপ্রবেশকারীদের হাতে যাতে কোনোভাবেই আধার কার্ড না পৌঁছায় এবং এর মাধ্যমে তারা নাগরিকত্বের আইনি বৈধতা না পায়, তা নিশ্চিত করতেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।
তবে এই নিয়মে কিছু ক্ষেত্রে ছাড়ের সংস্থান রাখা হয়েছে। চা-বাগান এলাকায় বসবাসকারী এবং তফসিলি উপজাতি সম্প্রদায়ের নাগরিকরা ২০২৭ সালের ১ এপ্রিল পর্যন্ত নতুন আধার কার্ড তৈরির সুযোগ পাবেন। এছাড়া ১৮ বছরের কম বয়সিদের জন্য আধার কার্ড পাওয়ার স্বাভাবিক প্রক্রিয়া অব্যাহত থাকবে। ১৮ বছরের ঊর্ধ্বে নতুন করে আধার কার্ডের প্রয়োজন হলে সংশ্লিষ্ট জেলাশাসকের মাধ্যমে আবেদন রাজ্য সরকারের কাছে পাঠাতে হবে। সবরকম আইনি তথ্য যাচাইয়ের পরই সরকার এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে বলে জানানো হয়েছে।