অসমে লাইনচ্যুত কলকাতা-সাইরাং এক্সপ্রেস, বেলাইন ইঞ্জিন ও পাঁচটি কামরা

অসমের গুয়াহাটি থেকে ৩০ কিলোমিটার দূরে দিগারুর কাছে বুধবার সকালে কলকাতা-সাইরাং এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়ে। বুধবার সকাল ৬টা ৫৪ মিনিট নাগাদ ট্রেনটির ইঞ্জিন এবং পাঁচটি কামরা লাইনচ্যুত হয়ে যায়। মঙ্গলবার সকালে কলকাতা স্টেশন থেকে ছেড়ে ট্রেনটি বুধবার বিকেলে মিজ়োরামের সাইরাঙে পৌঁছানোর কথা ছিল। গুয়াহাটি স্টেশন ছাড়ার কিছুক্ষণ পরেই এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার খবর পেয়েই রেলের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান এবং উদ্ধারকাজ শুরু করেন। স্থানীয় সূত্রে বেশ কয়েক জন যাত্রী আহত হওয়ার দাবি করা হলেও, উত্তর-পূর্ব সীমান্ত রেলের তরফে হতাহতের কোনো খবর নিশ্চিত করা হয়নি। আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। যাত্রীদের অভিযোগ, উদ্ধারকাজ ধীরগতিতে চলছে।
রেলের প্রাথমিক অনুমান, অন্য একটি ট্রেনকে জায়গা করে দেওয়ার জন্য কলকাতা-সাইরাং এক্সপ্রেসকে ‘লুপ’ লাইনে পাঠানোর সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, যার ফলে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনার জেরে গুয়াহাটি-যোরহাট জন শতাব্দী এক্সপ্রেস এবং কোয়েম্বত্তূর-শিলচর এক্সপ্রেসের চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। আটকে পড়া যাত্রীদের অন্য ট্রেনে গন্তব্যে পাঠানোর পরিকল্পনা নিয়েছে রেল কর্তৃপক্ষ।