UCC নিয়ে বড় ঘোষণা, আদিবাসীদের সুরক্ষায় নিশ্চিন্ত থাকার বার্তা!
অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে ধোঁয়াশা কাটাতে বার্তা বিজেপির, আদিবাসীদের সুরক্ষার প্রতিশ্রুতি শমীক ভট্টাচার্যের
কলকাতা: রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড (UCC) নিয়ে তৈরি হওয়া রাজনৈতিক বিতর্ক ও ধোঁয়াশা দূর করতে আসরে নামলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। সোশ্যাল মিডিয়ায় এক বিস্তারিত বার্তায় তিনি স্পষ্ট করেছেন, দেশে UCC কার্যকর হলেও আদিবাসী সমাজের নিজস্ব সংস্কৃতি বা প্রথা কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হবে না। সংবিধানের অনুচ্ছেদ ৩৬৬(২৫) ও ৩৪২ অনুযায়ী স্বীকৃত তফসিলি জনজাতির (ST) সদস্যরা এই বিধির আওতার বাইরে থাকবেন বলে তিনি আশ্বস্ত করেছেন। এর ফলে আদিবাসীদের ঐতিহ্য, সামাজিক রীতিনীতি এবং সংবিধান-স্বীকৃত বিশেষ অধিকার পুরোপুরি সুরক্ষিত থাকবে।
বিজেপির এই পদক্ষেপের উদ্দেশ্য ব্যাখ্যা করে শমীক ভট্টাচার্য জানান, অভিন্ন দেওয়ানি বিধি দলের বহুদিনের নীতিগত অবস্থান এবং নির্বাচনী ইস্তেহারের অন্যতম প্রতিশ্রুতি। তাঁর মতে, আইনের দৃষ্টিতে সকল নাগরিককে সমান অধিকার দেওয়াই এই বিধির মূল লক্ষ্য। ইউসিসি কার্যকর হলে বহুবিবাহের মতো প্রথা দূর করে নাগরিকদের জন্য একটি সমান আইনি কাঠামো তৈরি করা সম্ভব হবে। সেই সঙ্গে তিনি বিরোধীদের অভিযোগ খণ্ডন করে দাবি করেন যে, এই আইনের সঙ্গে পরিবার পরিকল্পনা বা সন্তান সংখ্যা নিয়ন্ত্রণের কোনো সম্পর্ক নেই। সরকার সমান নাগরিক আইন প্রতিষ্ঠার পাশাপাশি সংবিধানে সংরক্ষিত জনজাতির অধিকার রক্ষাতেও প্রতিশ্রুতিবদ্ধ।