SIR-এর খসড়া তালিকায় বড় ধাক্কা, ১২ রাজ্যে উধাও সাড়ে ১১% ভোটার!
দেশের ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার নিবিড় সংশোধনের খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এই প্রক্রিয়ায় সংশ্লিষ্ট অঞ্চলগুলো থেকে গড়ে সাড়ে ১১ শতাংশ ভোটারের নাম বাদ পড়েছে। সব মিলিয়ে প্রায় ১ কোটি ৫৮ লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন অত্যন্ত কঠোরভাবে এই এসআইআর (SIR) প্রক্রিয়া পরিচালনা করায় ভোটার তালিকা থেকে এই বিপুল সংখ্যক নাম বাদ পড়ার ঘটনা সামনে এসেছে।
সংখ্যার বিচারে সবচেয়ে বেশি ৪৪ লক্ষ ৮৯ হাজার ভোটারের নাম বাদ পড়েছে অন্ধ্রপ্রদেশ থেকে। তালিকার দ্বিতীয় স্থানে থাকা ঝাড়খণ্ডে ৪৩ লক্ষ ৬১ হাজার ভোটারের নাম বাদ পড়েছে, যা ওই রাজ্যের মোট ভোটারের প্রায় ১৭ শতাংশ। এছাড়া শতাংশের নিরিখে দমন ও দিউয়ে প্রায় ৩০ শতাংশ এবং অরুণাচল প্রদেশে প্রায় ২০ শতাংশ ভোটারের নাম বাদ পড়েছে। এই প্রক্রিয়ায় কমিশন মোট ১৩ কোটি ৭৭ লক্ষ ভোটারের তথ্য যাচাই করেছে।