নবান্নের মেগা নির্দেশ, অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই এবার সরাসরি দেখা যাবে সরকারি অফিসারদের! – বর্তমান বাংলা

বর্তমান ডেস্কঃ
আমজনতার অভাব-অভিযোগ মেটাতে এবং প্রশাসনিক কাজে লালফিতের টানাপোড়েন দূর করতে এক বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এখন থেকে সরকারি নানা পরিষেবা ও সমস্যা নিয়ে সাধারণ মানুষ সরাসরি দেখা করতে পারবেন মহকুমা শাসক থেকে শুরু করে উচ্চপদস্থ অফিসারদের সাথে। মুখ্যসচিব মনোজ আগরওয়ালের স্বাক্ষরিত একটি বিশেষ নির্দেশিকায় নবান্নের এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে।
নতুন এই নির্দেশিকা অনুসারে, প্রতি মঙ্গলবার ও বৃহস্পতিবার সকাল ১০:৩০টা থেকে দুপুর পর্যন্ত প্রতিটি সরকারি দপ্তরে অফিসারদের উপস্থিত থাকা বাধ্যতামূলক। এই নির্দিষ্ট সময়ে আমজনতা কোনো পূর্ব অনুমতি বা অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই সরাসরি আধিকারিকদের মুখোমুখি হতে পারবেন। উপরন্তু, সাধারণ মানুষের সুবিধার্থে ওই দু’দিন সকালের শিফটে অফিসারদের সমস্ত সরকারি বৈঠক বা ফিল্ড ভিজিট সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
প্রশাসনিক স্বচ্ছতা বাড়াতে প্রতিটি দপ্তরের দৃশ্যমান স্থানে সংশ্লিষ্ট আধিকারিকের সরকারি মোবাইল নম্বর ও ইমেল আইডি বড় করে লিখে প্রদর্শন করার নির্দেশ দেওয়া হয়েছে, যা সংশ্লিষ্ট সরকারি ওয়েবসাইটেও আপডেট করতে হবে। পুলিশ বিভাগের ডিজি, এসপি, ওসি থেকে শুরু করে জেলাশাসক, বিডিও এবং বন দপ্তরের রেঞ্জার—সমস্ত ফিল্ড-লেভেল অফিসাররা এই নিয়মের আওতায় থাকছেন। নিয়মটি সঠিকভাবে পালন করা হচ্ছে কি না, তা সরাসরি তদারকি করবে কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তর।