তুরস্কে জলবায়ু সম্মেলনে মাইক্রোফোন অন রেখেই বিতর্কিত মন্তব্য অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর

তুরস্কের অ্যানাতোলিয়ায় আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে এক অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়লেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ। সম্মেলনে বক্তব্য রাখার পর নিজের আসনে বসে পরিবেশমন্ত্রী ক্রিস বোয়েনের সঙ্গে কথোপকথনের সময় মাইক্রোফোন অন থাকায় তাঁদের ব্যক্তিগত আলোচনা প্রকাশ্যে চলে আসে। মোবাইল ফোন রাখা নিয়ে আলোচনার সূত্রপাত হলেও, পরবর্তীতে তা ব্যক্তিগত ও যৌন ইঙ্গিতপূর্ণ মন্তব্যে রূপ নেয়।
ঘটনার সূত্রপাত হয় যখন অ্যালবানিজ জানতে চান ক্রিস তাঁর মোবাইল ফোন কোথায় রাখেন। ক্রিস জানান তিনি শার্টের বুকপকেটে ফোন রাখেন। এর উত্তরে অ্যালবানিজ পরামর্শ দেন যে, হৃদযন্ত্রের সুরক্ষার জন্য বুকপকেটের বদলে ট্রাউজারের পকেটে ফোন রাখা নিরাপদ। ক্রিস তাতে অভ্যস্ত নন জানালে, অ্যালবানিজ পুরুষাঙ্গ নিয়ে একটি রসিকতা করেন এবং মন্তব্য করেন যে, পুরুষাঙ্গের চেয়ে হৃদযন্ত্র সুরক্ষিত রাখা বেশি জরুরি।
এই কথোপকথন সম্মেলনে উপস্থিত সকলেই শুনতে পান। বিষয়টি জানাজানি হওয়ার পর অস্ট্রেলিয়া প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় যে, গুরুগম্ভীর আলোচনার মাঝে পরিবেশ হালকা করার জন্য তাঁরা ঠাট্টা করছিলেন। তবে এই ঘটনা আন্তর্জাতিক মহলে সমালোচনার জন্ম দিয়েছে। উল্লেখ্য, ৯ থেকে ২০ নভেম্বর পর্যন্ত চলা এই সম্মেলনে জলবায়ু পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল।