মালদহ মেডিক্যাল কলেজে মাধ্যমিক পরীক্ষার্থী ও দুই মহিলাকে মারধরের অভিযোগ

মালদহ মেডিক্যাল কলেজে মাধ্যমিক পরীক্ষার্থী ও দুই মহিলাকে মারধরের অভিযোগ

মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ট্রমা কেয়ার ইউনিটে এক মাধ্যমিক পরীক্ষার্থী ও তাঁর দুই মাসিকে মারধরের অভিযোগ উঠল নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে। শনিবার বেলা সাড়ে এগারোটা নাগাদ এই ঘটনাটি ঘটে। পরিবারের অভিযোগ, অসুস্থ আত্মীয়কে দেখতে যাওয়ার জন্য বৈধ পরিচয়পত্র থাকা সত্ত্বেও সাজেদ আলি নামে ওই পরীক্ষার্থীকে ট্রমা কেয়ার ইউনিটে ঢুকতে বাধা দেন নিরাপত্তারক্ষীরা। কারণ জানতে চাইলে তাঁকে একটি ঘরে নিয়ে গিয়ে মারধর করা হয়।

পরীক্ষার্থীকে বাঁচাতে গেলে তাঁর দুই মাসি শাহাজাদি বিবি ও সালমা খাতুনকেও মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে। এই ঘটনার পর ভুক্তভোগী পরিবার ইংলিশ বাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত তিন নিরাপত্তারক্ষী পলাতক বলে জানা গিয়েছে।

হাসপাতালের সহকারী অধ্যক্ষ ডাক্তার গণেশ চন্দ্র গাইন জানিয়েছেন, বিষয়টি তিনি শুনেছেন। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এই ঘটনার জেরে মালদহ মেডিক্যাল কলেজের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *