নদিয়ায় কালীপুজোর বিসর্জনের শোভাযাত্রায় জেনারেটরে চুল জড়িয়ে মর্মান্তিক মৃত্যু ছাত্রীর

নদিয়ার তাহেরপুর থানার বাদকুল্লা এলাকায় কালীপুজোর বিসর্জনের শোভাযাত্রায় যোগ দিতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক তরুণী। মৃতার নাম দিয়া সরকার, বয়স ১৮ বছর। তিনি স্থানীয় একটি হাই স্কুলের একাদশ শ্রেণির ছাত্রী ছিলেন। শুক্রবার রাতে বাপুজি নগর এলাকার একটি বারোয়ারি পুজোর বিসর্জন উপলক্ষে শোভাযাত্রা বের হয়েছিল। প্রতিমা বিসর্জনের পর ফেরার পথেই এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, শোভাযাত্রার সঙ্গে থাকা একটি ইঞ্জিনভ্যানে জেনারেটর রাখা ছিল। অসাবধানতাবশত দিয়া সেই চলন্ত জেনারেটরের খুব কাছে চলে যান। তাঁর খোলা চুল জেনারেটরের ইঞ্জিনের ঘূর্ণায়মান অংশে জড়িয়ে যায়। মুহূর্তের মধ্যে চুল পেঁচিয়ে যাওয়ায় তিনি জেনারেটরের ওপর আছড়ে পড়েন এবং গুরুতর জখম হন। স্থানীয়রা দ্রুত উদ্ধারের চেষ্টা করলেও ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে তাহেরপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠায়। শনিবার সেখানে ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। পুলিশ বিসর্জনের কাজে ব্যবহৃত ইঞ্জিনভ্যান ও অন্যান্য গাড়ি আটক করেছে। ঘটনার পেছনে কোনো গাফিলতি বা যান্ত্রিক ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি।