ভবানীপুর থানায় চার ঘণ্টা জিজ্ঞাসাবাদ, ‘গুজরাতি গ্যাং’ মন্তব্যের ব্যাখ্যা দিলেন অভিষেক

ভবানীপুর থানায় চার ঘণ্টা জিজ্ঞাসাবাদ, ‘গুজরাতি গ্যাং’ মন্তব্যের ব্যাখ্যা দিলেন অভিষেক

সোশ্যাল মিডিয়ায় ‘গুজরাতি গ্যাং’ সংক্রান্ত মন্তব্যের জেরে দায়ের হওয়া মামলায় ভবানীপুর থানায় হাজিরা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার বেলা ১২টা ১৯ মিনিট নাগাদ থানায় পৌঁছন ডায়মন্ড হারবারের সাংসদ এবং প্রায় সওয়া চার ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর বিকেল ৪টে ৩৪ মিনিট নাগাদ বেরিয়ে আসেন। তদন্তকারী আধিকারিকদের কাছে তিনি নিজের মন্তব্যের ব্যাখ্যা দিয়েছেন বলে জানিয়েছেন অভিষেক।

থানা থেকে বেরিয়ে অভিষেক দাবি করেন, তিনি সর্বদা তদন্তে সহযোগিতা করেছেন এবং দেশের আইনকে সম্মান করেন। তিনি বলেন, তদন্তকারীরা যা জানতে চেয়েছেন, তার সব উত্তর তিনি দিয়েছেন। একই সঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিশানা করে তিনি প্রশ্ন তোলেন, নারদ মামলায় ক্যামেরার সামনে টাকা নিতে দেখা গেলেও কেন তাঁকে তলব করা হয়নি। বিজেপি নেতাদের বিরুদ্ধে ‘বাংলা বিরোধী’ হওয়ার অভিযোগ তুলে তিনি জানান, অমিত মালবীয়ের একটি পোস্টের প্রেক্ষিতেই তিনি ওই মন্তব্য করেছিলেন।

অভিষেকের বিরুদ্ধে ভবানীপুরের বাসিন্দা অর্ণবকান্তি দাসের দায়ের করা অভিযোগের ভিত্তিতে এই এফআইআর হয়েছিল। অভিযোগ ছিল, নির্বাচন কমিশনারকে নিয়ে করা ওই পোস্টের মাধ্যমে ঘৃণা ছড়ানো হয়েছে। তবে অভিষেক এই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। এছাড়া, গিরিশ পার্ক থানায় দায়ের হওয়া অন্য একটি মামলায় আগামী ২০ নভেম্বর তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। সেই প্রসঙ্গে অভিষেক জানিয়েছেন, তিনি আইন মেনে ওই তলবেও সাড়া দেবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *