কলকাতায় বৃষ্টি ও হাওড়ায় শিলাবৃষ্টি, ভাইফোঁটায় আবহাওয়া নিয়ে কী জানাল হাওয়া অফিস?

কলকাতায় বৃষ্টি ও হাওড়ায় শিলাবৃষ্টি, ভাইফোঁটায় আবহাওয়া নিয়ে কী জানাল হাওয়া অফিস?

মঙ্গলবার দুপুর গড়াতেই কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়। হাওড়ার বিভিন্ন প্রান্তে শিলাবৃষ্টির খবর পাওয়া গিয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার বিকেলে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের চার জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা ছিল। সেই সঙ্গে কোথাও কোথাও ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া এবং বজ্রবিদ্যুতের পূর্বাভাসও দেওয়া হয়েছিল।

আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা ও নদিয়া জেলায় বিকেলের দিকে বৃষ্টির সম্ভাবনা থাকলেও ভারী বর্ষণের কোনো সতর্কতা নেই। উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পঙে হালকা ঝড়বৃষ্টি হতে পারে, তবে বাকি জেলাগুলিতে আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। নিম্নচাপ কেটে যাওয়ায় নতুন করে কোনো ঘূর্ণিঝড়ের সতর্কতা জারি করা হয়নি।

উৎসবের মরসুমে ভাইফোঁটার দিন আবহাওয়া নিয়ে স্বস্তির খবর শুনিয়েছে হাওয়া অফিস। বুধবার থেকে আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, ভাইফোঁটার দিন রাজ্যের কোনো জেলাতেই ঝড়বৃষ্টির পূর্বাভাস নেই। জেলায় জেলায় ইতিমধ্যেই হালকা শীতের আমেজ অনুভূত হচ্ছে, যা উৎসবের দিনে বজায় থাকবে বলে আশা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *