১০ লক্ষ টাকা চাঁদা না দেওয়ায় মারধর, কাঠগড়ায় তৃণমূল কর্মীর অভিযোগ!
নবদ্বীপে তৃণমূল কর্মীর কাছে ১০ লক্ষ টাকা চাঁদা দাবি, মারধরের অভিযোগে উত্তপ্ত এলাকা
নদিয়ার নবদ্বীপে এক তৃণমূল কর্মীর কাছে ১০ লক্ষ টাকা চাঁদা দাবি এবং তা দিতে অস্বীকার করায় তাঁকে ও তাঁর ভাইকে মারধরের অভিযোগ উঠেছে বিজেপির মণ্ডল সভাপতি ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় আক্রান্ত তৃণমূল কর্মী শংকর দেবনাথ শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন। অভিযোগ অনুযায়ী, গত ২৮ জুন দুপুরে নবদ্বীপের মাজদিয়া স্কুল মাঠ সংলগ্ন এলাকায় শংকর দেবনাথের বাড়িতে চড়াও হয়ে তাঁকে মারধর করা হয়। এছাড়া, হাসপাতালে দাদাকে দেখতে যাওয়ার সময় তাঁর ভাই শিবেন্দ্র দেবনাথকেও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অন্যদিকে, এই অভিযোগ অস্বীকার করেছেন বিজেপির অভিযুক্ত মণ্ডল সভাপতি মধুসূদন সেন। তাঁর দাবি, এলাকায় সাধারণ মানুষকে হুমকি দেওয়ার অভিযোগে স্থানীয়রা শংকর দেবনাথের সঙ্গে বচসায় জড়িয়েছিলেন। কয়েক বছর আগে এক বিজেপি কর্মীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় অভিযুক্ত শংকর জেল খেটেছিলেন, সেই ঘটনার ক্ষতিপূরণের টাকা আদায় নিয়েই এই বিবাদ বলে তাঁর ভাষ্য। বিজেপির পক্ষ থেকে কোনো মারধরের ঘটনা ঘটেনি বলে দাবি করা হয়েছে। বর্তমানে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং এলাকায় নতুন করে উত্তেজনা দেখা দেওয়ায় পুলিশি টহলদারি বাড়ানো হয়েছে।