জঙ্গলমহলের উন্নয়নে মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা, আদিবাসীদের জন্য সুখবর!
মুখ্যমন্ত্রী হিসেবে নিজের প্রথম জঙ্গলমহল সফরে মঙ্গলবার বাঁকুড়ার মুকুটমণিপুরে হুল দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে আদিবাসী সম্প্রদায়ের উন্নয়নের একগুচ্ছ প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু অধিকারী। এদিন সিধু ও কানুর নবনির্মিত মূর্তির আবরণ উন্মোচন করেন তিনি। পাশাপাশি, আদিবাসী পরিবারের প্রতিটি বাড়িতে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ, বিশেষ ভাতা প্রদান এবং রাজ্য বাজেটে আদিবাসী এলাকার উন্নয়নের জন্য ৩০০ কোটি টাকার বিশেষ প্যাকেজ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।
অনুষ্ঠান থেকে পূর্ববর্তী সরকারের তীব্র সমালোচনা করে শুভেন্দু অধিকারী দাবি করেন, বিগত জমানায় জঙ্গলমহলে চরম অত্যাচার হয়েছে এবং হাজার হাজার ভুয়ো জাতিগত শংসাপত্র বিলি করা হয়েছে, যার তদন্ত শুরু হয়েছে। তিনি জানান, বর্তমান সরকার পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের জন্য ১২০০ কোটি টাকা বরাদ্দ করেছে, যা দিয়ে জঙ্গলমহলের ৭২টি ব্লকে উন্নয়নমূলক কাজ হবে। এছাড়াও জামশেদপুর ও দুর্গাপুর শিল্পাঞ্চলকে উন্নত সড়কপথে যুক্ত করার পরিকল্পনার কথা জানান তিনি। অনুষ্ঠানে আদিবাসী সমাজের কৃতি পড়ুয়া ও শিল্পীদের সংবর্ধনাও জানানো হয়।