হাসিনার ফেরার হুঙ্কারে উত্তাল বাংলাদেশ!
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে মৃত্যুদণ্ড প্রাপ্ত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি বছরেই দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। তাঁর এই মন্তব্যের পর রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে দেশজুড়ে। হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়ার প্রতিবাদে এবং দলের শক্তি প্রদর্শনের লক্ষ্যে আগামী বুধবার বাংলাদেশজুড়ে বিশাল সমাবেশ ও বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। এই কর্মসূচির ঘোষণায় তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার ও ক্ষমতাসীন জোটের মধ্যে অস্বস্তি তৈরি হয়েছে।
২০২৪ সালের অগাস্ট মাসে গণঅভ্যুত্থানের মুখে দেশ ছাড়তে বাধ্য হওয়া শেখ হাসিনা সাম্প্রতিক এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি মৃত্যুকে ভয় পান না এবং মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এ বছরই দেশে ফিরবেন। ওদিকে, বুধবারের এই কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা ও দেশের বিভিন্ন প্রান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ইতিমধ্যে পুলিশ বহু আওয়ামী লীগ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে। এছাড়া ক্ষমতা ও রাজনৈতিক কৌশল নিয়ে বিএনপি ও শরিক দল জামায়াতে ইসলামীর মধ্যকার অভ্যন্তরীণ দড়ি টানাটানির বিষয়টিও বর্তমানে আলোচনার কেন্দ্রে রয়েছে।