১ জুলাই থেকে বদলে যাচ্ছে বাংলার গ্রাম, ১০০ দিনের বদলে মিলবে ১২৫ দিনের কাজ!
আগামীকাল, ১ জুলাই থেকে পশ্চিমবঙ্গে দীর্ঘদিনের ‘১০০ দিনের কাজ’ প্রকল্পের পরিবর্তে কার্যকর হচ্ছে নতুন আইন ও প্রকল্প— ‘বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার ও আজীবিকা (VB-G RAM G)’। কেন্দ্রীয় সহায়তা ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে এই প্রকল্পের জন্য মোট ১৪,১৮০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যার মধ্যে কেন্দ্রের অংশ ৮,৫০৮ কোটি টাকা এবং রাজ্যের অংশ ৫,৬৭২ কোটি টাকা। নতুন এই প্রকল্পে প্রতিটি যোগ্য গ্রামীণ পরিবারকে বছরে ১২৫ দিনের কাজের গ্যারান্টি দেওয়া হবে, যার ফলে রাজ্যের প্রায় ২.৫৬ কোটি জব কার্ডধারী উপকৃত হবেন।
এই প্রকল্পের আওতায় কাজের স্বচ্ছতা বজায় রাখতে বায়োমেট্রিক উপস্থিতি, জিও-ট্যাগিং এবং ডিজিটাল নজরদারির ব্যবস্থা বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া, কৃষি মরশুমে শ্রমিকের চাহিদা বজায় রাখতে বছরজুড়ে ৬০ দিন কাজ বন্ধ থাকবে এবং কাজের অনুরোধের ১৫ দিনের মধ্যে তা প্রদান করতে না পারলে বেকারভাতা দেওয়ার সংস্থান রাখা হয়েছে। মজুরি প্রদানে দেরি হলে মিলবে ক্ষতিপূরণ। গ্রামীণ পরিকাঠামো উন্নয়ন, জল সংরক্ষণ এবং দুর্যোগ মোকাবিলাকে অগ্রাধিকার দেওয়া এই প্রকল্পের ব্যয়ের ৬০ শতাংশই সরাসরি শ্রমিকের মজুরি বাবদ খরচ করা হবে। নবান্ন সূত্রে জানানো হয়েছে, রাজ্যের প্রতিটি প্রান্তে প্রকল্পটির সুফল পৌঁছে দেওয়ার জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে।