ভয়াবহ তাপদাহে জ্বলছে ইউরোপ, মৃত্যুর মিছিলে ১৩০০ ছাড়াল!
জলবায়ু পরিবর্তনের প্রভাবে ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহে প্রাণহানির সংখ্যা ১,৩০০ ছাড়িয়েছে। ফ্রান্স, জার্মানি, অস্ট্রিয়া, চেক প্রজাতন্ত্র ও পোল্যান্ডসহ মহাদেশটির বিভিন্ন দেশে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করে অতীতের সব রেকর্ড ভেঙেছে। বিশেষ করে ফ্রান্সে পরিস্থিতির অবনতি সবচেয়ে বেশি হওয়ায় প্রশাসনিকভাবে জরুরি সতর্কতা জারি করা হয়েছে এবং তাপমাত্রা না কমলে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
বিজ্ঞানীদের মতে, এল নিনিও আবহাওয়া চক্রের প্রভাবে প্রশান্ত মহাসাগরের জলস্তর অস্বাভাবিক গরম হয়ে ওঠায় এবং জেট স্ট্রিম দুর্বল হয়ে পড়ায় সাহারা মরুভূমি ও উত্তর আফ্রিকার উষ্ণ বায়ু সরাসরি ইউরোপে প্রবেশ করছে। এছাড়া ইউরোপের ওপর তৈরি হওয়া শক্তিশালী উচ্চচাপ বলয় আটলান্টিক থেকে আসা শীতল বাতাসকে বাধা দিচ্ছে, যার ফলে রাতেও তাপমাত্রা কমছে না। গ্রিনহাউস গ্যাসের প্রভাবে পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় আগে ১০০ বছরে একবার দেখা দেওয়া এমন তাপপ্রবাহ এখন ইউরোপে প্রায় প্রতি বছরের নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে।