৫০তম বর্ষে বইমেলা হোক সবার! সর্বজনীন করার ডাক দিল সংঘ পরিবার

আন্তর্জাতিক কলকাতা বইমেলাকে কোনো একক সংগঠনের নিয়ন্ত্রণমুক্ত করে সবার জন্য উন্মুক্ত করার দাবিতে আন্দোলনের পথে নেমেছে সংঘ পরিবার-ঘনিষ্ঠ প্রকাশনা জগতের একাংশ। আগামী ৫০তম বইমেলা যেন কোনো গোষ্ঠী বা সংগঠনের প্রভাবমুক্ত হয়ে প্রকৃত অর্থে বাংলার ‘বইমেলা’ হয়ে ওঠে, সেই লক্ষ্যে আগামী ২৯ জুন কলকাতার মহাজাতি সদনে এক বিশেষ সমাবেশের আয়োজন করা হয়েছে। সাহিত্যিক বুদ্ধদেব গুহর জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে রাজ্যের ৭০০-র বেশি প্রকাশক, মুদ্রাকর ও বই বিক্রেতা অংশ নিতে চলেছেন।

সংগঠনের আহ্বায়ক দেবজিৎ সরকারের অভিযোগ, বর্তমান পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের আমলে বইমেলায় হাতেগোনা কিছু সংস্থার একচেটিয়া আধিপত্য কায়েম হয়েছে এবং সরকারের সমালোচকদের অনেক ক্ষেত্রে জায়গা দেওয়া হয় না। তাঁর দাবি, বইমেলা কোনো নির্দিষ্ট সংগঠনের সম্পত্তি নয়, তাই কলেজ স্ট্রিটের বড় প্রকাশনা সংস্থার পাশাপাশি জেলাভিত্তিক ছোট প্রকাশকদেরও সমান গুরুত্ব দিতে হবে। গিল্ডের আধিপত্যের সমালোচনা করে বিজেপির পক্ষ থেকেও বইমেলা পরিচালনায় নতুন সংস্থা গঠনের দাবি তোলা হয়েছে, যেখানে রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে বইয়ের গুণগত মানই হবে অংশগ্রহণকারীদের প্রধান মাপকাঠি। রবিবারের এই সভায় বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, আরএসএস-এর দক্ষিণবঙ্গের প্রচারক জিষ্ণু বসু ও কবি বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিত থাকার কথা রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *