জিরাটে এবার ১২৫ ফুটের শ্যামাপ্রসাদ! ভিটে সংস্কারে ২০০ কোটির চমক।
বলাগড়ের জিরাটে ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পৈতৃক ভিটে সংস্কার ও সেখানে ১২৫ ফুট উঁচু মূর্তি তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। এই প্রকল্পের জন্য রাজ্যের প্রথম বাজেটে ২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। গুজরাটের ‘স্ট্যাচু অফ ইউনিটি’-র আদলে নির্মিত হতে যাওয়া এই বিশাল মূর্তি ও সংস্কারকাজ এলাকার পর্যটন মানচিত্রকে নতুন রূপ দেবে বলে আশা করা হচ্ছে।
প্রবাদপ্রতিম আশুতোষ মুখোপাধ্যায় ও তাঁর পুত্র শ্যামাপ্রসাদের স্মৃতিবিজড়িত এই ভিটে সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবার সেই প্রতিশ্রুতি অনুযায়ী কাজ শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে স্থানীয় বাসিন্দারা বলছেন, সরকারের এই পদক্ষেপের ফলে জিরাটের সার্বিক উন্নয়ন ও পর্যটন শিল্পের প্রসারের পথ প্রশস্ত হবে। স্থানীয় বিধায়ক সুমনা সরকার জানিয়েছেন, রাজ্যের এই উদ্যোগের মাধ্যমে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্মৃতিকে যথাযথ মর্যাদা দেওয়া হচ্ছে।