হকারমুক্ত কলকাতার বাজারের গেট, বড় সিদ্ধান্ত পুরসভার!

শহরজুড়ে হকার সমস্যা সমাধান ও বাজার এলাকায় শৃঙ্খলা ফেরাতে কড়া অবস্থান নিল কলকাতা পুরসভা। শনিবার পুর কমিশনার ও প্রশাসক স্মিতা পান্ডের নেতৃত্বে ‘টাউন ভেন্ডিং কমিটি’র বৈঠকে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, শহরের প্রতিটি বাজারের প্রবেশ ও প্রস্থানের গেট থেকে অন্তত ৪৫ ফুট এলাকা সম্পূর্ণ হকারমুক্ত রাখা হবে। যেসব হকার এই প্রক্রিয়ায় জায়গা হারাবেন, তাঁদের একই এলাকার কাছাকাছি অন্য স্থানে পুনর্বাসনের ব্যবস্থা করবে পুরসভা।

এছাড়া, শহরের প্রকৃত হকারদের সংখ্যা নির্ধারণ ও এলাকা চিহ্নিত করার জন্য নতুন করে সমীক্ষা চালানো হবে। একই সঙ্গে সরকারি ‘পিএম স্বনিধি’ প্রকল্পের সুবিধা প্রকৃত পথবিক্রেতারা পাচ্ছেন কি না, তা যাচাইয়ে আলাদাভাবে সমীক্ষা হবে। পাশাপাশি, দীর্ঘদিনের বিতর্ক মেটাতে শহরজুড়ে স্পষ্টভাবে ‘ভেন্ডিং’ ও ‘নন-ভেন্ডিং’ জোন নির্ধারণ করা হবে। সাধারণ মানুষের যাতায়াত সুগম করা এবং হকারদের জীবিকার সুরক্ষা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। প্রশাসনের তরফে সব সরকারি স্বীকৃতিপ্রাপ্ত হকার সংগঠনকে নিয়ে নতুন ‘টাউন ভেন্ডিং কমিটি’ গঠনের প্রক্রিয়াও শুরু হতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *