ফের পথে হকাররা! মমতার দ্বারে এবার পুনর্বাসনের দাবিতে গর্জে উঠলেন ব্যবসায়ীরা
দোকান ও জীবিকা হারানো হকারদের পুনর্বাসন না দিয়ে উচ্ছেদ করা যাবে না— এই দাবিতে বড়সড় আন্দোলনের প্রস্তুতি শুরু করেছে তৃণমূল কংগ্রেস। শনিবার কলকাতার মেট্রোপলিটন বাইপাসের তৃণমূল ভবনে এ বিষয়ে দলীয় স্তরে একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। শ্রমিক নেত্রী ও রাজ্যসভার সাংসদ দোলা সেনের উপস্থিতিতে আয়োজিত এই বৈঠকে প্রায় ২০০ জন হকার অংশগ্রহণ করেন। আন্দোলনের পরবর্তী রূপরেখা চূড়ান্ত করে খুব শীঘ্রই সংগঠনের পক্ষ থেকে বড় আকারের কর্মসূচি ঘোষণা করা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে।
অন্যদিকে, হকার উচ্ছেদ ইস্যুতে কলকাতা হাই কোর্ট ইতিবাচক নির্দেশ দিয়েছে। আদালত বালিগঞ্জ, যাদবপুর, বনগাঁ, বারুইপুর ও ডানকুনির মতো বিভিন্ন স্থানে হকার উচ্ছেদের ওপর স্থগিতাদেশ জারি করেছে। জুন মাস পর্যন্ত রেলের পুরনো নোটিস কার্যকর করা যাবে না বলে স্পষ্ট জানিয়েছে আদালত এবং এ বিষয়ে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। আদালতের এই স্থগিতাদেশের মধ্যেই হকারদের পুনর্বাসনের দাবিতে তৃণমূলের নতুন এই কর্মসূচি বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।