তারাতলা বিপর্যয় নিয়ে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে থানায় অভিযোগ, নজরে যাদবপুরের বিশেষজ্ঞ দল!

তারাতলা বিপর্যয় কাণ্ডে ফিরহাদ হাকিমসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ, তদন্তে সিট

কলকাতা: তারাতলা বিপর্যয় কাণ্ডে কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম এবং তাঁর ঘনিষ্ঠ দুই প্রাক্তন কাউন্সিলর আনোয়ার খান ও শামস ইকবালের বিরুদ্ধে শনিবার তারাতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ভারতীয় জনতা মজদুর সেল (বিজেএমসি)। অভিযোগকারীদের দাবি, কলকাতা পোর্ট এলাকায় সক্রিয় বেআইনি নির্মাণ চক্রে প্রাক্তন মেয়র ও তাঁর ঘনিষ্ঠদের মদত রয়েছে এবং এই বিপর্যয় বেআইনি নির্মাণের ফলেই ঘটেছে। এদিকে, রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল ফিরহাদ হাকিমের গ্রেপ্তারি দাবি করেছেন। বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আগেই দাবি করেছিলেন যে, ওই গোডাউনের বিল্ডিং প্ল্যানে ফিরহাদ হাকিমের স্বাক্ষর রয়েছে। পুলিশ সূত্রের খবর, তৎকালীন ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে জেরার পর ‘টিম ওয়ার্ক’-এর সূত্র পাওয়ায় প্রয়োজনে প্রাক্তন মেয়রকেও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে।

তদন্তের স্বার্থে একটি বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করা হয়েছে এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পাঁচ সদস্যের একটি বিশেষজ্ঞ দল অকুস্থলে পৌঁছে নির্মাণের নকশা ও ব্যবহৃত উপকরণের গুণমান পরীক্ষা করছেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, আইন ভেঙে কংক্রিটের পিলারের পরিবর্তে লোহার পোস্ট ব্যবহার করা হয়েছিল এবং লিজের শর্ত অমান্য করে নির্মাণকাজ চলছিল। ইতিমধ্যে এই ঘটনায় ‘বেহরা ব্রাদার্স’-এর মালিক শম্ভুনাথ বেহরাসহ মোট ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিট ধৃতদের বয়ান ও বাজেয়াপ্ত নথির ভিত্তিতে তদন্ত চালাচ্ছে এবং বিজেএমসি-র দায়ের করা নতুন অভিযোগটিও গুরুত্বসহকারে খতিয়ে দেখছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *