সিআইডি সেজে প্রকাশ্য রাজপথে ব্যবসায়ীকে অপহরণ, চলন্ত গাড়িতেই কোটি টাকা মুক্তিপণ দাবি!
কলকাতা: প্রকাশ্য দিবালোকে সিআইডি পরিচয় দিয়ে এক ব্যবসায়ীকে অপহরণ ও চলন্ত গাড়িতে লুঠপাটের ঘটনায় পূর্ব কলকাতায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার ফুলবাগানের একটি শপিং মলের সামনে থেকে উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার বাসিন্দা ওই ব্যবসায়ীকে অপহরণ করা হয়। অভিযোগ, নিজেদের সিআইডি আধিকারিক পরিচয় দিয়ে কালো রঙের স্করপিও গাড়িতে আসা কয়েকজন ব্যক্তি তাঁকে জোরপূর্বক তুলে নিয়ে যায় এবং বাধা দিতে গেলে তাঁর সঙ্গীদের মারধর করে।
গাড়িতে তোলার পর ওই ব্যবসায়ীর মাথায় পিস্তল ঠেকিয়ে এক কোটি টাকা মুক্তিপণ দাবি করে দুষ্কৃতীরা। মুক্তিপণ দিতে অস্বীকার করলে তাঁকে বেধড়ক মারধর করা হয় এবং তাঁর কাছ থেকে নগদ ৭০ হাজার টাকা ও ৩ লক্ষ টাকা মূল্যের সোনার চেন ছিনিয়ে নেওয়া হয়। পরবর্তীতে পুলিশকে খবর দেওয়া হয়েছে জেনে দুষ্কৃতীরা মধ্যমগ্রামের কাছে চলন্ত গাড়ি থেকে ওই ব্যবসায়ীকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে ফুলবাগান থানার পুলিশ এবং অপরাধীদের শনাক্ত করতে শপিং মলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।