জনরোষের মুখে প্রাক্তন তৃণমূল নেতা, চলল ডিমের বৃষ্টি!

কোচবিহারের তুফানগঞ্জে প্রাক্তন তৃণমূল নেতাকে লক্ষ্য করে ডিম ছোড়া, এলাকায় চাঞ্চল্য

কোচবিহারের তুফানগঞ্জ শহরের ৩ নম্বর ওয়ার্ডের মদনমোহন পাড়ায় প্রাক্তন তৃণমূল নেতা সুব্রত দাস ওরফে লিটনকে লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, ওই নেতা দীর্ঘদিন ধরে কাটমানি আদায়, রাজনৈতিক হিংসায় মদত দেওয়া এবং সাধারণ মানুষের বাড়িঘরে ভাঙচুরের মতো নানা অপকর্মের সঙ্গে জড়িয়ে রয়েছেন। এই পরিস্থিতির সুযোগ বুঝে উত্তেজিত জনতা তাঁকে দেখামাত্রই বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং একপর্যায়ে তাঁকে লক্ষ্য করে ডিম ছুড়ে মারেন।

ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বর্তমানে এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এদিকে বিষয়টি নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। বিজেপি নেতা নিখিল গাবুয়ার দাবি, ওই নেতার বিরুদ্ধে দীর্ঘদিনের অভিযোগ থাকা সত্ত্বেও প্রশাসন ব্যবস্থা নেয়নি, যার ফলে এই জনরোষের সৃষ্টি হয়েছে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ। আইন-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন পুরো পরিস্থিতির দিকে নজর রাখছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *