বিয়ে ভাঙার চেয়ে খুন করা সহজ! ব্যবসায়ীপুত্রের নির্মম পরিণতিতে তোলপাড়
মহারাষ্ট্রের লোনাভলার লোহাগড় দুর্গ থেকে ফেলে দিয়ে পুণের ব্যবসায়ীপুত্র কেতন অগ্রবালকে হত্যার ঘটনায় তাঁর হবু স্ত্রী সিয়া গয়াল ও তাঁর প্রেমিক চেতন চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। গত ১৮ জুন ঘটা এই হত্যাকাণ্ডের তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, বিয়ে বাতিলের কথা পরিবারকে জানানোর চেয়ে কেতনকে সরিয়ে দেওয়াকেই সিয়া সহজ উপায় হিসেবে বেছে নিয়েছিলেন। পুলিশি জেরায় সিয়া জানিয়েছেন, তিনি পারিবারিক চাপ ও সম্মানের খাতিরে এই বিয়েতে সম্মতি দিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত খুনের পথ বেছে নেন।
খুনের মোটিভ হিসেবে সিয়া কেতনের পরচুলা ব্যবহারের বিষয়টিকে দায়ী করলেও, নিহতের পরিবার তা ভিত্তিহীন বলে দাবি করেছে। তদন্তকারীদের প্রাথমিক ধারণা, প্রেমিক চেতনের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের কথা আড়াল করতেই এই খুনের পরিকল্পনা করা হয়। এছাড়া সাহিল গয়ালের বয়ান অনুযায়ী, চেতনের আর্থিক অবস্থা গয়াল পরিবারের সমতুল্য না হওয়ায় এই সম্পর্কে পরিবারের আপত্তি ছিল, যার প্রেক্ষিতেই সিয়াকে অগ্রবাল পরিবারের সঙ্গে বিয়ে দেওয়ার তোড়জোড় চলেছিল। পুলিশ এই হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উন্মোচনে ধৃতদের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে।