ডিজেল সংকটে বিপাকে বেকারি শিল্প, আকাশছোঁয়া হতে চলেছে পাউরুটির দাম!
কেন্দ্রীয় সরকারের জ্বালানি সংক্রান্ত নতুন নির্দেশিকার জেরে চরম সংকটে পড়েছে রাজ্যের বেকারি ও বিস্কুট শিল্প। শিল্পে ব্যবহারের জন্য ড্রাম বা জ্যারিকেনের মতো খোলা পাত্রে ডিজেল বিক্রির ওপর টানা তিন মাসের নিষেধাজ্ঞার ফলে রাজ্যের প্রায় ৩ হাজার বেকারিতে উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। জ্বালানির অভাবে এই শিল্পের প্রায় ৯৫ শতাংশ কারখানা তাদের উৎপাদন অর্ধেকে নামিয়ে আনতে বাধ্য হয়েছে এবং বেশ কিছু গ্রামীণ বেকারি ইতিমধ্যেই বন্ধ হয়ে গেছে। এর ফলে হাসপাতাল, নার্সিংহোমসহ বিভিন্ন প্রতিষ্ঠানে পাউরুটির সরবরাহ বিঘ্নিত হওয়ার পাশাপাশি ২৫ লক্ষ শ্রমজীবীর ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে।
পরিস্থিতি মোকাবিলায় পশ্চিমবঙ্গ বেকারি অ্যাসোসিয়েশন দ্রুত সরকারি হস্তক্ষেপের দাবি জানিয়েছে। এই বিষয়ে সংগঠনের পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী ও মুখ্য সচিবকে চিঠি দিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আর্জি জানানো হয়েছে। উদ্যোক্তারা জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারের এই নির্দেশিকা দ্রুত প্রত্যাহার করা না হলে বেকারি শিল্পকে টিকিয়ে রাখতে পাউরুটির দাম বাড়ানো ছাড়া তাদের কাছে আর কোনো বিকল্প থাকবে না। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে পেট্রোলিয়াম মন্ত্রকের এই বিধিনিষেধের কারণে বাজারদর ইতিমধ্যেই ঊর্ধ্বমুখী হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।