তৃণমূল নেতার বাগানবাড়িতে বুলডোজার, মদ-মাংসের আসর ভাঙল প্রশাসন!
আদালতের নির্দেশে বহরমপুরের সৈয়দাবাদ এলাকার সুড়সুড়ি মাঠ সংলগ্ন তৃণমূলের যুব সভাপতি পাপাই ঘোষের মালিকানাধীন একটি বিলাসবহুল বাগানবাড়ি বুলডোজার চালিয়ে গুঁড়িয়ে দিল প্রশাসন। শনিবার সকালে পুলিশ ও প্রশাসনিক কর্তাদের উপস্থিতিতে এই উচ্ছেদ অভিযান চালানো হয়। স্থানীয়দের অভিযোগ ছিল, এই বাগানবাড়িটি অসামাজিক কার্যকলাপের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল। সেখানে নিয়মিত মদ্যপানের আসর বসত এবং বিভিন্ন মানুষকে ভয় দেখানো বা শাসানোর কাজে ব্যবহার করা হতো, যার ফলে ওই রাস্তা দিয়ে যাতায়াতে আতঙ্কে থাকতেন স্থানীয় বাসিন্দারা।
পুরসভা সূত্রে জানা গেছে, জায়গাটি মূলত হাওড়ার এক ব্যক্তির। সেখানে শিশুদের জন্য একটি পার্ক তৈরি করেছিল কংগ্রেস পরিচালিত পুরবোর্ড। অভিযোগ, তৃণমূলের ক্ষমতা বাড়ার পর জাল দলিলের মাধ্যমে ওই জায়গা দখল করে বাগানবাড়িটি তৈরি করেন পাপাই ঘোষ। বিষয়টি নিয়ে এলাকাবাসী কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন। আদালতের নির্দেশ অনুযায়ী বাগানবাড়িটি ভাঙার কাজ সম্পন্ন হলেও, তৃণমূল নেতার পরিবারের দাবি, তাঁদের কাছে জমির বৈধ দলিল রয়েছে। এদিকে, রাজনৈতিক পালাবদলের পর থেকেই অভিযুক্ত পাপাই ঘোষ বর্তমানে বেপাত্তা রয়েছেন।