রাম মন্দিরে হাজার কোটির চুরি, পর্দার আড়ালে কি রাঘব বোয়ালরা?
অযোধ্যার রাম মন্দিরে বিপুল পরিমাণ অর্থ ও গয়না চুরির ঘটনায় তোলপাড় শুরু হয়েছে। হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠলেও এখন পর্যন্ত গ্রেপ্তার হওয়া আটজনের কাছ থেকে মাত্র ৮০ লক্ষ টাকা উদ্ধার করা সম্ভব হয়েছে। এ ঘটনার প্রেক্ষিতে রামজন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের প্রধান চম্পত রাই পদত্যাগ করেছেন। উদ্ধার হওয়া টাকার অংক মূল চুরির অভিযোগের তুলনায় অত্যন্ত নগণ্য হওয়ায় প্রকৃত অপরাধীদের আড়াল করার চেষ্টা চলছে কি না, তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।
বিশেষ তদন্তকারী দলের (সিট) রিপোর্ট অনুযায়ী, রাম মন্দিরে প্রায় ৩,৫০০ কোটি টাকার বেশি নগদ প্রণামী এবং প্রচুর সোনা-রুপোর গয়না জমা পড়েছিল। তদন্তে জানা গেছে, চম্পত রাইয়ের প্রাক্তন গাড়িচালক টিন্নু যাদব, রমাশংকর মিশ্র, অনুকল্প মিশ্র ও লবকুশ মিশ্রের সমন্বয়ে একটি চক্র দানবাক্সের অর্থ ও গয়না আত্মসাৎ করত। ধৃত আটজনকে অযোধ্যার বিশেষ আদালতে তোলা হলে তাঁদের সোমবার পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। এদিকে, হাজার কোটি টাকার এই দুর্নীতির নেপথ্যে থাকা মূল অভিযুক্তরা অধরা থাকায় বিরোধী দলগুলো সুপ্রিম কোর্টের নজরদারি ও উচ্চপর্যায়ের নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে।