দান করা দেহ নিয়ে কুরুচিকর মন্তব্য! নড়েচড়ে বসল মানবাধিকার কমিশন, তলব কেন্দ্রের রিপোর্ট
ক্যাডাভার নিয়ে কুরুচিকর মন্তব্যের জেরে সক্রিয় জাতীয় মানবাধিকার কমিশন, তলব রিপোর্ট
চিকিৎসা-শিক্ষায় ব্যবহৃত দানের মৃতদেহ বা ‘ক্যাডাভার’ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে দেশজুড়ে তৈরি হওয়া ক্ষোভের পরিপ্রেক্ষিতে নড়েচড়ে বসল জাতীয় মানবাধিকার কমিশন (NHRC)। দেহদাতার মর্যাদা ও সম্মান রক্ষার দাবিতে কমিশন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রকের কাছে ‘অ্যাকশন টেকেন রিপোর্ট’ (ATR) তলব করেছে। আগামী চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট মন্ত্রকগুলিকে এই বিষয়ে নেওয়া পদক্ষেপের বিস্তারিত রিপোর্ট জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। ‘ইউনাইটেড ডক্টর্স ফ্রন্ট’ (UDF)-এর করা অভিযোগের ভিত্তিতেই কমিশন এই পদক্ষেপ গ্রহণ করেছে।
বিতর্কের সূত্রপাত কৌতুকশিল্পী প্রণীত মোরের ‘দ্য অশ্লীল শো’-এর একটি ভাইরাল হওয়া ভিডিয়ো থেকে। ওই শো-তে উপস্থিত এক এমবিবিএস পড়ুয়া অ্যানাটমি ক্লাসে ব্যবহৃত পুরুষ ক্যাডাভারের শারীরিক গঠন নিয়ে কুরুচিকর মন্তব্য করেন বলে অভিযোগ। জাতীয় মানবাধিকার কমিশন স্পষ্ট জানিয়েছে, চিকিৎসা-শিক্ষা ও গবেষণায় ব্যবহৃত ক্যাডাভার দেহদাতার মানবিক অবদানের প্রতীক, যা আসাম্মান করা অনৈতিক। চিকিৎসক সংগঠনগুলোর আশঙ্কা, জনপ্রিয়তার নেশায় এ ধরনের কন্টেন্ট তৈরি হলে ভবিষ্যতে দেহদানের মতো মহৎ প্রক্রিয়ার ওপর মানুষের বিশ্বাস ও আগ্রহ কমে যেতে পারে। তাই বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে কমিশন।