এয়ার ফ্রায়ারের এই বিপদগুলো জানেন কি!
বাঙালির রান্নাঘরে বর্তমানে জনপ্রিয় হয়ে উঠেছে এয়ার ফ্রায়ার, যা তেল ছাড়া বা সামান্য তেলে খাবার তৈরি করতে সাহায্য করে। এই প্রযুক্তি ব্যবহার করে ক্যালোরি কমিয়ে মুচমুচে খাবার তৈরি করা সম্ভব বলে অনেকেই একে স্বাস্থ্যকর জীবনযাপনের হাতিয়ার হিসেবে গ্রহণ করেছেন। তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন যে, এয়ার ফ্রায়ার ব্যবহার করলেই যেকোনো খাবার রাতারাতি স্বাস্থ্যকর হয়ে ওঠে না, বরং খাবারের পুষ্টিগুণ মূলত ব্যবহৃত উপকরণের ওপর নির্ভর করে।
ফ্রোজেন বা প্যাকেটজাত খাবার যেমন ফ্রেঞ্চ ফ্রাই ও নাগেটস এয়ার ফ্রায়ারে রান্না করলেও সেগুলোর অতিরিক্ত সোডিয়াম, প্রিজারভেটিভ ও ফ্যাটের ক্ষতিকর দিক অপরিবর্তিত থাকে। এছাড়া, ডিপ ফ্রাই না হওয়ায় অনেক সময় খাবারের ভেতর কাঁচা থেকে যেতে পারে, যা হজমের সমস্যা তৈরি করতে পারে। এসব ঝুঁকি এড়াতে প্রক্রিয়াজাত খাবারের বদলে তাজা উপকরণ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া যন্ত্রের ভেতরে সিলিকন লাইনার বা পার্চমেন্ট পেপার ব্যবহার করা এবং প্রতিটি ব্যবহারের পর নিয়মিত পরিষ্কার করা জরুরি, নতুবা জমে থাকা খাবারের কণা থেকে ফাঙ্গাস ও বিষক্রিয়া হতে পারে। রান্নার আগে এয়ার ফ্রায়ার প্রি-হিট করে নেওয়া খাবার ও যন্ত্র উভয়ের জন্যই নিরাপদ।