দিল্লির দরবারে জয়ী বাঙালি! মোদীকে ‘জয় শ্রীরাম’ শুনিয়ে তাক লাগালেন পদ্মশ্রী জ্যোতিষ দেবনাথ
মসলিন ও তাঁতশিল্পে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে ‘পদ্মশ্রী’ সম্মান গ্রহণ করলেন কালনার প্রখ্যাত শিল্পী জ্যোতিষ দেবনাথ। গত মঙ্গলবার রাষ্ট্রপতি ভবনের এক অনুষ্ঠানের মাধ্যমে তাঁকে এই সম্মানে ভূষিত করা হয়। একই সঙ্গে, সাঁওতালি সাহিত্যে অনবদ্য অবদানের জন্য কালনার প্রয়াত সাহিত্যিক রবিলাল টুডুকে মরণোত্তর পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়েছে। প্রয়াত এই সাহিত্যিকের হয়ে তাঁর স্ত্রী এই পুরস্কার গ্রহণ করেন।
পুরস্কার গ্রহণের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে জ্যোতিষ দেবনাথ জানান, অনুষ্ঠান চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর কুশল বিনিময় হয়। তিনি প্রধানমন্ত্রীকে নমস্কার জানিয়ে বাংলায় নিজের পরিচয়ের পাশাপাশি ‘জয় শ্রীরাম’ ধ্বনি দেন, যার জবাবে প্রধানমন্ত্রী তাঁর সঙ্গে করমর্দন করে বাংলায় কুশল বিনিময় করেন। এছাড়া, নৈশভোজে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও পদ্মশ্রী প্রাপকদের সঙ্গে সময় অতিবাহিত করেন। একদিকে পদ্মশ্রী প্রাপ্তির আনন্দ থাকলেও, সহ-নাগরিক রবিলাল টুডুর অনুপস্থিতি কালনাবাসীর মনে বিষাদের সুর তুলেছে, কারণ প্রয়াত সাহিত্যিকের নিজেই এই সম্মান গ্রহণের প্রবল ইচ্ছা ছিল।