লাভ ও ল্যান্ড জিহাদ রুখতে কড়া আইন? হুঙ্কার শুভেন্দুর!
রাজ্যে ‘লাভ জিহাদ’ ও ‘ল্যান্ড-জিহাদ’ রুখতে কঠোর আইন আনছে সরকার: মুখ্যমন্ত্রী
কলকাতা: রাজ্যে ‘লাভ জিহাদ’ এবং ‘ল্যান্ড-জিহাদ’-এর মতো ঘটনা বরদাস্ত করা হবে না বলে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার রবীন্দ্র সদনে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯তম জন্মজয়ন্তী ও ‘বন্দে মাতরম্’-এর ১৫০তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি ঘোষণা করেন যে, এই অপতৎপরতা রুখতে রাজ্য সরকার খুব শীঘ্রই কঠোর আইন আনতে চলেছে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অভিন্ন দেওয়ানি বিধি (UCC) চালু করা এবং ‘হিন্দু হোমল্যান্ড’ রক্ষার বিষয়ে সরকারের দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন। এছাড়াও অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে বলে তিনি জানান।
রাষ্ট্রবিরোধী কাজে ‘জিরো টলারেন্স’ নীতির কথা ঘোষণা করে মুখ্যমন্ত্রী জানান, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শে পরিচালিত এই মাটিতে কোনো প্রকার রাষ্ট্রদ্রোহিতা সহ্য করা হবে না। রাজ্যের স্কুলগুলিতে প্রার্থনা সভায় ‘বন্দে মাতরম্’ গাওয়া বাধ্যতামূলক করা হয়েছে এবং আসন্ন দিনে শিক্ষার্থীরা যাতে তা সঠিকভাবে পালন করে, সে বিষয়ে সতর্কবার্তা দিয়েছেন তিনি। সেইসঙ্গে গুন্ডাদমনে কঠোর ব্যবস্থা গ্রহণ ও প্রয়োজনে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করার ঘোষণা দেওয়া হয়েছে। শরণার্থীদের অধিকার রক্ষায় সংশোধনী নাগরিকত্ব আইন (CAA) কার্যকর করা, জরুরি অবস্থার সময় লড়াই করা ব্যক্তিদের ৯ অগস্ট সম্মাননা প্রদান এবং সীমান্ত সুরক্ষার জন্য বিএসএফ-কে জমি প্রদানের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোও অনুষ্ঠানে উঠে এসেছে।