UCC-তে আদিবাসীরা কেন ব্রাত্য? বিলের উদ্দেশ্য নিয়ে শুভেন্দুকে তুলোধোনা মহুয়ার!
আগামী সপ্তাহে বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) পেশের ইঙ্গিত দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যের বিধানসভায় এই বিল আনার পাশাপাশি লাভ জিহাদ, জমি জিহাদ এবং বলপূর্বক ধর্মান্তরণের বিরুদ্ধেও কড়া আইন প্রণয়নের ঘোষণা করেছেন তিনি। এই পদক্ষেপের ঘোষণার পরপরই রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তিনি বিলটির উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে একে ‘নির্বাচনী মেরুকরণের হাতিয়ার’ হিসেবে অভিহিত করেছেন।
মহুয়া মৈত্রের দাবি, ফৌজদারি মামলায় ইতিমধ্যে অভিন্ন আইন থাকলেও বিজেপির প্রস্তাবিত এই বিধি আদতে ধর্মীয় মেরুকরণের রাজনীতি। তিনি প্রশ্ন তুলেছেন, আইনটি যদি সত্যিই ‘অভিন্ন’ হয়, তবে আদিবাসীদের কেন এর আওতার বাইরে রাখা হচ্ছে। মহুয়ার ভাষায়, এটি কোনো অভিন্ন দেওয়ানি বিধি নয়, বরং একটি ‘নির্বাচিত’ দেওয়ানি বিধি। ভারত বৈচিত্র্যের দেশ উল্লেখ করে তিনি অভিযোগ করেন, বিজেপি চাইছে দেশের মানুষ একই পোশাক পরা, একই খাবার খাওয়া এবং একই স্লোগান দেওয়ার মতো অভিন্নতা অনুসরণ করুক। বিধানসভায় বিলটি পেশের আগেই শাসক ও বিরোধী শিবিরের এই তরজা তুঙ্গে উঠেছে।