পুলিশ ফাঁড়িতে ঢুকে মন্ত্রীর কড়া হুঁশিয়ারি, দ্বিতীয়বার এলে ফল হবে ভয়াবহ!
তোলাবাজি ও মাফিয়া দমন করতে আশিঘর পুলিশ ফাঁড়িতে রাজ্যের পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ, কড়া নির্দেশ প্রশাসনের একাংশকে
শিলিগুড়ির ডাবগ্রাম-ফুলবাড়ি নির্বাচনী এলাকায় তোলাবাজি ও মাফিয়া দৌরাত্ম্য বন্ধের দাবিতে সরাসরি স্থানীয় আশিঘর পুলিশ ফাঁড়িতে গিয়ে কড়া বার্তা দিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ। শুক্রবার এলাকা পরিদর্শনের সময় স্থানীয় বাসিন্দারা জমি ও বালি মাফিয়াদের উপদ্রব এবং পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে মন্ত্রীর কাছে অভিযোগ জানান। এরপরই পুলিশ ফাঁড়িতে ঢুকে মন্ত্রী কর্তব্যরত আধিকারিকদের হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত ব্যবস্থা নিতে হবে এবং তাঁকে যেন দ্বিতীয়বার এই বিষয়ে আসতে না হয়। এ সময় তিনি সাফ জানান, দুর্নীতি ও অপরাধের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অবলম্বন করছে এবং পুরনো আমলের ঢিলেঢালা মনোভাব চলবে না।
এলাকা পরিদর্শন শেষে রাস্তা সারাইয়ের বিষয়েও আশ্বাস দিয়েছেন মন্ত্রী। শঙ্কর ঘোষ জানান, বর্ষার কারণে বেহাল হয়ে পড়া রাস্তাগুলো বর্ষা শেষ হওয়ার পর দুর্গাপূজার আগেই যুদ্ধকালীন তৎপরতায় সংস্কার করা হবে। এছাড়া এলাকার আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থার উন্নতির জন্য চিহ্নিত সমস্যাগুলোতে দ্রুত স্থায়ী সমাধানের আশ্বাস দিয়েছেন তিনি।