ফলতার ‘পুষ্পা’ কাণ্ড: কোমরে দড়ি বাঁধা কি মানবাধিকার লঙ্ঘন নয়?

ফলতার তৃণমূল নেতাকে হেনস্তার ঘটনায় পুলিশের ভূমিকার কড়া সমালোচনা কলকাতা হাই কোর্টের

কলকাতা: ফলতার তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে কোমরে দড়ি ও হাফ প্যান্ট পরিয়ে এলাকায় ঘোরানোর ঘটনায় পুলিশের ভূমিকায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছে কলকাতা হাই কোর্ট। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে বিচারপতি সৌগত ভট্টাচার্য এই বিষয়ে কড়া পর্যবেক্ষণ দিয়েছেন। জাহাঙ্গির খানের স্ত্রী সারিকা বিবির দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে আদালত স্পষ্ট জানিয়েছে, ধৃতের সঙ্গে এমন কোনো আচরণ করা যাবে না যা তাঁর মানবাধিকার ক্ষুণ্ণ করে। আগামী সাত দিনের মধ্যে জাহাঙ্গিরের বিরুদ্ধে নতুন কোনো এফআইআর দায়ের হয়েছে কি না, তা নিয়ে রাজ্য সরকারকে বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। এই মামলার পরবর্তী শুনানি আগামী ১ জুলাই।

উল্লেখ্য, বেঙ্গল এসটিএফ-এর হাতে বাংলা-নেপাল সীমান্ত থেকে গ্রেপ্তারের পর জাহাঙ্গির খানকে বারমুডা ও গেঞ্জি পরিয়ে, কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরানো হয়। সেই সময় রাস্তার মাঝে তাঁকে কান ধরে ক্ষমা চাইতেও দেখা যায়, যার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক শোরগোল পড়ে। পুলিশের এহেন হেনস্তার পদ্ধতি নিয়েই এখন আদালতের নজরদারি শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *