রামমন্দিরে হাজার কোটির চুরি! তদন্তের দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কংগ্রেস

রামমন্দিরে ভক্তদের দানের টাকা আত্মসাতের অভিযোগে অবশেষে সরব হয়েছে কংগ্রেস। উত্তরপ্রদেশ পুলিশ এ ঘটনায় মোট আটজনকে গ্রেপ্তার এবং এফআইআর দায়ের করার পর বিষয়টি নিয়ে তাৎক্ষণিক তদন্তের দাবি জানিয়েছে হাত শিবির। কংগ্রেসের আশঙ্কা, এই দুর্নীতির পরিমাণ কয়েকশো কোটি নয়, বরং কয়েক হাজার কোটি টাকা পর্যন্ত হতে পারে। এই বিপুল অর্থ তছরুপের নিরপেক্ষ তদন্তের স্বার্থে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধান এবং প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ দাবি করেছে দলটি।

মন্দির পরিচালনার দায়িত্বে থাকা রামজন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের প্রধান চম্পত রাই ইতিমধ্যে পদত্যাগ করেছেন। কংগ্রেস নেতা রাজীব শুক্লার অভিযোগ, সরকার এফআইআর দায়ের করে অনিয়মের কথা স্বীকার করলেও এখন পর্যন্ত কেবল ছোট স্তরের ব্যক্তিদেরই গ্রেপ্তার করা হয়েছে, আর মূল অভিযুক্তরা ধরাছোঁয়ার বাইরে রয়েছে। মন্দির ট্রাস্টের অর্থের ওপর নিয়ন্ত্রণ কায়েম করতে গিয়েই এই দুর্নীতি হয়েছে বলে দাবি করে কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, যারা রামের নামে ভোট লুট করত, তারা এখন রামের নামে নোট লুট করছে। এই ঘটনায় সাধারণ পুণ্যার্থীদের মধ্যে আস্থার সংকট তৈরি হওয়ার পাশাপাশি জাতীয় রাজনীতিতে বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *